২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ধান ক্ষেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কুমিল্লার চান্দিনা উপজেলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 12:49 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর পূর্ব পাড়ার একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন (১৪) লক্ষ্মীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় জোয়াগ আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে চান্দিনা থানার ওসি গোলাম মোর্সেদ জানান, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গ্রামের একটি চায়ের দোকানের টেলিভিশনে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ফুটবল খেলা দেখতে যায় ইসমাইল। তারপর সে আর বাড়ি ফিরে আসেনি।

তিনি বলেন, “সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গিয়ে ইসমাইলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওসি।