মান্নান খানের জামিনের মেয়াদ বাড়ল
সম্পদের তথ্য গোপনের মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
আবদুল মান্নান খান (ফাইল ছবি)
আদালতে মান্নানের পক্ষে শূনানি করেন তার আইনজীবী আবুল কালাম আজাদ।
অন্যদিকে দুদকের পক্ষে জামিন বাড়ানোর বিরোধিতা করেন কবির হোসাইন।
তিনি বলেন, দুদকের এই মামলায় জামিন বৃদ্ধির শুনানি করার এখতিয়ার হাকিম আদালতের নেই।
শুনানি শেষে বিচারক জামিন বাড়ানোর আবেদন মঞ্জুর করে ৯ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন রাখেন।
মান্নান খানসহ সাবেক দুই প্রতিমন্ত্রী ও একজন সাংসদের বিরুদ্ধে গত ২১ অগাস্ট রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মান্নান খানের বিরুদ্ধে মামলার অভিযোগ, হলফনামায় দেয়া সম্পদ বিবরণীতে তিনি ৭৫ লাখ ৫৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এরপর ২৪ অগাস্ট ঢাকার হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মান্নান খান। তার আবেদন মঞ্জুর করে ১৩ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত।
সাবেক পূর্ত প্রতিমন্ত্রী মান্নান খান দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলামের কাছে পরাজিত হন। তার বিরুদ্ধে এই মামলার বাদী দুদকের উপপরিচালক শেখ নাসিরউদ্দিন।
