গোপালগঞ্জে সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে হাট বসানোকে কেন্দ্র করে দুই দিন আগে সংঘর্ষে আহত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাপস মোল্লা (১৭) নামে ওই তরুণের মৃত্যু হয় বলে কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
তাপস কাশিয়ানী উপজেলার মাজড়া পূর্বপাড়া গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। তিনি কাশিয়ানীর রামদিয়া সরকারি এসকে কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এদিকে সোমবার সকালে তাপসের মৃত্যুর খবরে মাজড়া পূর্বপাড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একটি বসতঘর ও দোকান ভাংচুর করা হয়।
পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করা হয় বলে জানান ওসি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া পূর্বপাড়া গ্রামের পাট ব্যবসায়ী জালাল মোল্লা সম্প্রতি মাজরা প্রাইমারি স্কুলের পাশে নতুন হাট বসান। কিন্তু ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফায়েকুজ্জামান শেখ এ হাটের বিরোধিতা করায় তাদের মধ্যে বিরোধ চলছিল।
গত শুক্রবার সন্ধ্যায় জালালের লোকজন ফায়েকুজ্জামনের এক সমর্থককে মারধর করলে পরদিন দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পাশের বাট্টাইধোবা গ্রামের মিন্টুর সমর্থকরাও এই সংঘর্ষে কয়েকুজ্জামনের পক্ষে যোগ দেয়।
সংঘর্ষের সময় নতুন হাটের দোকানপাটসহ ৪০টি বসত ঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওইদিন সংঘর্ষে কলেজ ছাত্র তাপসসহ অন্তত ৫০ জন আহত হন। পরে পুলিশ সেখান থেকে ২১ জনকে আটক করে।
