নির্মলেন্দু গুণের বাইপাস সার্জারি সোমবার
হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর কবি নির্মলেন্দু গুণের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
নির্মলেন্দু গুণ ল্যাব এইড হাসপাতালে অধ্যাপক বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কবি নির্মলেন্দু গুণের অবিলম্বে বাইপাস সার্জারি দরকার বলে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে।”
“আমরা কালকেই (সোমবার) এই অস্ত্রোপচার করতে প্রস্তুত”, বলেন তিনি।
৬৯ বছর বয়সী নির্মলেন্দু গুণের হৃদযন্ত্রের বামপাশের প্রধান ধমনীতেই ‘ব্লক’ পাওয়া গেছে বলে বরেন চক্রবর্তী জানান।
তিনি বলেন, “তার এই অবস্থায় এনজিওপ্লাস্ট ( হৃদপিণ্ডে রক্ত চলাচলের জন্য রিং বসানো) ঠিক নয়। তার সুস্থতায় বাইপাস সার্জারি করাই আমাদের কাছে ভালো মনে হচ্ছে।”
অধ্যাপক বরেন জানান, হাসপাতালের কার্ডিয়াক বিভাগের নিবিড় পরিচর্যা ইউনিটে থাকা কবির অবস্থা এখন ‘স্থিতিশীল’।
