কক্সবাজারে বিয়ের দাওয়াতে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রতিবেশীদের বাড়িতে বিয়ের আমন্ত্রণে গিয়ে প্রতিপক্ষের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত নেছারুল করিম (৩২) ওই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।
ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গ্রামের ফোরকানের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে রোববার বিকাল ৪টার দিকে ফোরকান লোকজনসহ বিয়ের বাড়িতে গিয়ে নেছারুলকে গুলি করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার উলা মিয়ার ছেলে নুরুল আবছারকে (৪০) আটক করা হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে বিয়ে বাড়িতে এসে খেতে বসেন নেছারুল। এসয় ফোরকান, ফয়সাল ও নুরুল আবছারসহ কয়েকজন অস্ত্রধারী সেখানে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই নেছারুলের মৃত্যু হয়।
