পদ্মা সেতুর তিন চালান মাওয়ায়: কাদের
পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে প্রয়োজনী যন্ত্রপাতির তিনটি চালান মাওয়ায় এসেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণে প্রয়োজনী যন্ত্রপাতির তিনটি চালান ইতোমধ্যে মাওয়ার এসে গেছে। আরও একটি চালান আসছে।”
১২ হাজার ১০০ কোটি টাকায় পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনা কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে এ বছরের ২ জুন কার্যাদেশ দেয় সরকার।
এদিকে এবার ঈদে সড়কে মানুষকে তেমন দুর্ভোগে পড়তে হয়নি বলে দাবি করেছেন মন্ত্রী।
ফাইল ছবি
আসার সময় মহাসড়কের যানজট কোথাও তীব্রতা পায়নি জানিয়ে তিনি বলেন, “হয়তো ধীরগতি ছিলো, এখনো অনেক যাত্রী আসবে। গতকাল ছিলে একটি খারাপ দিন, দুযোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিচলাচলে বিঘ্ন ঘটায় যানজটের সৃষ্টি হয়।”
মন্ত্রী জানান, “গত ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছিল ৯৬ জনের, এবার ঈদে যাওয়ার সময় দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছে। আসার সময়ও প্রাণহানি ঘটছে।”
মহাসড়কে ইজিবাইক ও ব্যাটারিচালিক যানযাবহগুলোর জন্য বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।
ব্যাটারিচালিত রিকশা পরিহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “যাত্রীদের বলবো নিজের হাতে নিজের মৃত্যুঝুঁকি নিয়ে চলবেন না। সবাইকে বলবো ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা পরিহার করতে, এগুলো ঘাতক হিসেবে মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।”
