২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ইলিশ ধরায় ১৪ জেলের সাজা

চাঁদপুরের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ মাছ ধরার অপরাধে নয় জেলেকে কারাদণ্ড ও অপর পাঁচ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 06:14 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা জানান, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত কোস্টগার্ডের অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে আটক নয় জেলেকে এক বছর করে কারাদণ্ড এবং অপর পাঁচ জেলের প্রত্যেককে ১২ হাজার দুইশত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. হাসানুর রহমান জানান, কোস্টগার্ড চাঁদপুরের হরিণা ফেরিঘাট, মোহনপুর, বহরিয়া, আকনঘাট, লগিমারারচর, রাজরাজেশ্বর এবং হাইমচর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

অভিযানকালে দুই লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ  করা হয়। এসব ইলিশ অসহায় ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।