২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের সংযোগ মেরামতের সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 11:02 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

নিহত অলোক চন্দ্র দাস (২০) ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি (ভালুকা) অফিসের লাইনম্যান ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তোলাপুর গ্রামের হরেন্দ্র কুমার দাসের ছেলে।

শনিবার দুপর ২টার দিকে গাজীপুর সীমান্তে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাটাজোর রোডের ওই ঘটনায় অলোকের অপর সহকর্মী সুরুজ্জামানও (২৫) গুরুতর আহত হন বলে পুলিশ জানিয়েছে।

ময়মনসিংহের ভালুকা থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, "অলোক দুপুর ২টার দিকে কাজ করছিলেন। এসময় বিদ্যুতায়িত হয়ে অলোকচন্দ্র দাস ও সুরুজ্জামান আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা হাসপাতালে নেওয়া হয়।

"সেখান থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকার হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট থাকায় সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক অলোককে মৃত ঘোষণা করেন।"

পরে আহত সুরুজ্জামানকে উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন ।