২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে দুর্ভোগ মাওয়ায়

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পারাপার ব্যাহত হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথে দুর্ভোগ পোহাচ্ছে ঈদফেরত যাত্রীরা।

ভোলা প্রতিনিধি

মাদারীপুর, মুন্সীগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 04:07 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বঙ্গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হুদ হুদ’ এর প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়ায় বয়ে যাওয়ায় ঈদের চার দিন পর শনিবার দুপুরে ঘণ্টাখানেক বন্ধ থাকে পদ্মায় লঞ্চ ও স্পিডবোট চলাচল।

এর ফলে কাওড়াকান্দি পাড়ে ঢাকামুখী যাত্রীদের ভিড় জমেছে। লঞ্চ ও স্পিডবোট সাময়িক বন্ধ থাকায় মানুষ ফেরিতে উঠে পড়ায় গাড়ি পারাপারও বিঘ্নিত হওয়ায় যানজট দেখা দিয়েছে ঘাটে।

বিআইডব্লিইটিএ’র মাওয়া কার্যালয়ের কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবহাওয়ার সঙ্কেত ২ নম্বর হলেও পদ্মা খুব উত্তাল থাকায় দুদফা লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।

প্রথমে দুপুর পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ।

“প্রথম দফা চালুর ১৫ মিনিট পর ঝড় শুরু হলে বেলা ২টায় আবারো লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরে ঝড় থেমে গেলে দুপুর আড়াইটায় দ্বিতীয় দফায় লঞ্চ চলাচল শুরু হয়।”

মাওয়া-কাওড়াকান্দিতে ফেরির পাশাপাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট টানা চলাচল করে।

ঈদের পর ঢাকামুখী যাত্রীর বেশি বলে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটেই মানুষের সংখ্যা বেশি। এদের অনেকে লঞ্চ ও স্পিডবোট না পেয়ে আটকা পড়েন। 

ওই সময় মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেরিতে করে ঢাকামুখী যাত্রীদের যতটা সম্ভব পারাপার করানো হচ্ছে।”

বিআইডব্লিউটিএ কর্মকর্তা মহিউদ্দিন বলেন, “ওই সময় ফেরিগুলোতে যানবাহনের চেয়ে মানুষের সংখ্যাই বেশি হয়ে যায়। এতে যানবাহন পারাপার বিঘ্নিত হয়। যাত্রীরাও পড়ে বিপাকে।”

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হুদ হুদের প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড়টি ভারতের দিকে এগোলেও এর প্রভাবে সাগর রয়েছে উত্তাল। 

লঞ্চ ও ফেরি চলাচল বন্ধের সময় বৃষ্টিতে মাওয়া ও কাওড়াকান্দি উভয় পাড়ে যাত্রীদের ভিজতে হয়।

আড়াইটার পর চলাচল শুরু হলেও নদীতে ঢেউ থাকায় অনেকে ছোট ছোট লঞ্চ ও স্পিডবোটে উঠতে ভয় পাচ্ছিলেন।

গত ঈদের সময় কাওড়াকান্দি থেকে মাওয়াগামী অতিরিক্ত যাত্রীবোঝাই পিনাক লঞ্চটি ডুবে প্রায় একশ যাত্রীর মৃত্যু এক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে অনেকের সঙ্গে কথা বলে বোঝা গেছে।

ফলে যাত্রীরা তুলনামূলক নিরাপদ ফেরিতে ভিড় করছেন। ১৭টি ফেরি সচল থাকার পরও তাই যানবাহন পারাপারে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান মাওয়ায় বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান।

তিনি বলেন, কাওড়াকান্দিঘাটে পারাপারের অপেক্ষায় তিন শতাধিক যানবাহন রয়েছে। বিকালে ঘাট থেকে শিবচর উপজেলার বাখরকান্দি পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ তিন সারির গাড়ির লাইন দেখা যায়।

লঞ্চ ও স্পিডবোটে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ সব সময়ের। তবে কাওড়াকান্দি প্রান্তে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিং টিম সার্বক্ষণিক অবস্থান করায় লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিতে পারছে না এবার।

লঞ্চ ও স্পিডবোটগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে যাত্রীদের। অন্য সময়ে স্পিডবোটের ভাড়া ১২০ টাকা নেওয়া হলেও ঈদের এই সময়ে ২০০ থেকে ২৫০ টাকা নেওয়া হচ্ছে। লঞ্চ ভাড়া ৩৩ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৪৫/৫০ টাকা।

মাওয়া বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রিয়াদ হোসেন বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে স্পিডবোটে সরকারি রেট ১২০ টাকার স্থলে ২০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আর লঞ্চেও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে।

“আমরা বিষয়টি খোঁজ খবর করছি। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"

পারাপারের এই দুর্ভোগের কাটিয়ে যারা পদ্মা পাড়ি দিয়ে মাওয়ায় এসেছেন, তারা আবার বাসে অতিরিক্ত ভাড়ার ভোগান্তিতে পড়ছেন।

ভোলায় লঞ্চ ও ট্রলার চলাচলে নিয়ন্ত্রণ

ঘূর্ণিঝড় হুদহুদ এর প্রভাবে শনিবার ভোর থেকেই উপকূলীয় জেলা ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অভ্যন্তরীণ সব রুটে সব ধরনের অনিরাপদ লঞ্চ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ঝড় মোকাবেলায় সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে জেলার সাথে দূরবর্তী চরগুলোর সংযোগকারী নৌপথে সকল ধরনের অনিরাপদ লঞ্চ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভোলা সংলগ্ন নদী ও খালগুলোতে পানি কিছুটা বেড়েছে। দুর্গম এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রসহ নিরাপদ স্থানে থাকতে বলেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

ঘূর্ণিঝড় হুদ হুদ’র প্রভাবে শনিবার সকাল থেকে উপকূলীয় জেলা পটুয়াখালীর সর্বত্রই গোমট আবহাওয়া এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

পটুয়াখালীতে লঞ্চ চলাচল বন্ধ

পটুয়াখালীর নৌ-বন্দর উপপরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ ও যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে।

খেপুপাড়া রাড়ার স্টেশন কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, শনিবার সকাল থেকে নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ সেন্টিমিটার বেড়েছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, ঘূর্ণিঝড় হুদ হুদ এর কারণে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারনা চালানো, লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়াসহ নানা প্রস্তুতি নেয়া হয়েছে।