২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজা শেষে কর্মস্থলে ফিরতে ভোগান্তি

টিকিট না পাওয়া কিংবা অতিরিক্ত ভাড়ার কারণে দুর্গা পূজা ও ঈদ উল আজহা শেষে গাইবান্ধা থেকে কর্মস্থলে ফিরতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 08:55 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

যাত্রীদের অভিযোগ, পরিবার পরিজন নিয়ে গাইবান্ধা থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলায় তাদের কর্মস্থলে যেতে যানবাহনের টিকিট পাচ্ছেন না। টিকিট পেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

তারা ট্রেনের টিকিট কালোবাজারে এবং কোনো কোনো বাসের টিকিট ‘কাউন্টারে বিক্রি না করে অতিরিক্ত মূল্যে গোপনে’ বিক্রির অভিযোগ তোলেন।

সরেজমিন দেখা যায়, গাইবান্ধা রেল স্টেশনে কাউন্টার খোলার আধাঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সব টিকিট। অনেক যাত্রীকে দীর্ঘ সময় লাইনে দঁড়িয়ে থেকে টিকেট না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

অপরদিকে বাস কাউন্টারগুলোতেও টিকিটের দেখা নেই। কালোবাজারীর মাধ্যমে প্রতিটি সাড়ে চারশ টাকার টিকিট বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকা করে।

ট্রেনের টিকিট নিতে আসা হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  তিনি টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে একটিও পাননি।  

সিলেটগামী যাত্রী মৃণাল কান্তি দাস জানান, স্টেশনের একটু দূরে দাঁড়িয়ে অনেকে টিকিট বিক্রি করছে বেশি দামে, অথচ কাউন্টারে কোনো টিকিট নেই।

একই অভিযোগ আব্দুল আলিম, সাবিনা বেগম, নারায়ণ চন্দ্রসহ অনেক যাত্রীর।

গাইবান্ধা রেল স্টেশন মাস্টার মো. আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাইবান্ধা হয়ে ২টি আন্তঃনগর ট্রেন ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চললেও ঈদ উপলক্ষে কোনো স্পেশাল ট্রেন দেওয়া হয়নি। রংপুর এক্সপ্রেস ট্রেনে আগে গাইবান্ধার জন্য আসন বরাদ্দ ছিল মাত্র ৩৭টি এবং লালমণি এক্সপ্রেসে ৫৩টি। ঈদ-পূজার পর এখনও ওই বরাদ্দই বহাল রয়েছে।

তিনি আরো জানান, আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ বরাদ্দ করা হলেও গাইবান্ধার জন্য অতিরিক্ত কোনো আসন বরাদ্দ রাখা হয়নি। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

গাইবান্ধা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের এস আর পরিবহন ও আল-হামরা পরিবহন কাউন্টারে এবার অগ্রিম টিকিট বিক্রি করা হয়নি। তবে গোপনে তারা প্রতিটি টিকিট অতিরিক্ত টাকায় বিক্রি করছে।

গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রী এনামুল হক জানান, ঈদে বাড়ি আসার পর থেকে টিকিটের জন্য আল হামরা পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও  কোনোমতেই ১৫ অক্টোবরের আগে টিকিট পাননি তিনি।   

বিষয়টি নিয়ে আল হামরা পরিবহনের কাউন্টার ম্যানেজার জিল্লুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে ও সরাসরি যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এস আর পরিবহনের কাউন্টার ম্যানেজার সুজন মিয়াও কোনো মন্তব্য করেননি।

এ ব্যাপারে জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিবুল আমিন নান্নু বলেন, তার কাছেও কিছু কিছু কাউণ্টারে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।