২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছের ডালে ‘রহস্যময়ী’ নারী

মধ্যরাতে আম গাছে এক গৃহবধূকে ঘিরে সাভারের রেডিও কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 07:15 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পুলিশ, স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টা করেও মিলিটারি ফার্মের বাগানের গাছটি থেকে নামাতে পারেনি ওই নারীকে।

তার পরিবারের দাবি, ‘জিনের আছর’ হলে তিনি এ ধরনের আচরণ করেন।

তবে, একজন মনোচিকিৎসক এটিকে মানসিক রোগ বলে মন্তব্য করেছেন। 

গৃহবধূ আমেনা বেগমের (৩৫) বসবাস রেডিও কলোনি এলাকায়।

পরিবারের লোকজন জানান, প্রায় প্রতি রাতেই তিনি কোনো না কোনো গাছের ডালে উঠে যান। ১২ ঘণ্টা পর নেমে আসেন। কিন্তু মানসম্মানের কথা ভেবে তারা বিষয়টি গোপন রাখেন।

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মিলিটারি ফার্মের বাগানে একটি আম গাছে ওই নারীর অদ্ভুদ কথাবার্তা শুনতে পান এক পথচারী। এরপর ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত পুলিশকে বিষয়টি জানান তিনি।

পুলিশ ওই গাছের নিচে গিয়ে বারবার আমেনাকে নেমে আসার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি।  

এদিকে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের পাশাপাশি পুলিশ, দমকল বাহিনী ও সেনা সদস্যরাও জড়ো হন ঘটনাস্থলে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অক্ষত অবস্থায় ওই নারীকে উদ্ধারে তৎপরতা চালায় দমকল সদস্যরা। কিন্তু এতেই ঘটে বিপত্তি, তারা গাছে ওঠা শুরু করলেই গাছটিতে প্রচণ্ড ঝাঁকুনি দিতে থাকেন ওই নারী।

এছাড়া অদ্ভুত আচরণ করে তাদের ভয়ভীতি দেখান।

দিপক কুমার বলেন, “এরপর গাছ থেকে নেমে এসে দমকল কর্মীরা বলেন, ইচ্ছার বিরুদ্ধে গাছ থেকে তাকে নামানো হলে কোনো অঘটন ঘটতে পারে।”

এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ওই নারীর আচরণে মনে হচ্ছে তাকে জোর করে নামানোর চেষ্টা করা ঠিক হবে না, কারণ গাছে উঠে তাকে ধরার আগেই সে লাফিয়ে পড়লে দুর্ঘটনা ঘটার আশংকা ‍থাকত।

“পরে তার স্বজনদের রেখেই গভীর রাতে আমরা ফিরে আসি,” বলেন তিনি।

আমেনার ছেলে মঞ্জিল হোসেন জানান, ৮/৯ বছর ধরে গাছে রাত কাটিয়ে আসছেন তার মা। যে সময় তিনি গাছে ওঠেন, ১২ ঘণ্টা পর ঠিক সেই সময়েই স্বেচ্ছায় নেমে আসেন।

“গাছ থেকে নামার পরেই জ্ঞান হারিয়ে ফেলেন মা। পরে বাড়িতে নিয়ে বিশ্রামে রাখলেই আবার সুস্থ ওঠেন,” বলেন তিনি।

তার মায়ের সঙ্গে থাকা ‘জ্বিনের’ কারণেই তিনি গাছে রাত কাটান বলে দাবি করেন মঞ্জিল হোসেন।

মঞ্জিল আরো বলেন, “মাঝে মাঝে তার স্বর পরিবর্তন হয়ে যায়। তখন পরিবারের কাউকেই তিনি চিনতে পারেন না। তার এ ধরনের সমস্যার কারণে অনেক কবিরাজের শরনাপন্ন হয়েছি আমরা, কিন্তু লাভ হয়নি।”

আমেনার মেয়ে রুবিনা বেগম বলেন, “বৃহস্পতিবার দুপুর থেকে মা’র কথার সুর পরিবর্তন হয়ে যায়। তখনই বুঝতে পারি তার উপর ‘জিন’ ভর করেছে।”

এ ব্যাপারে সাভার এনাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. দেওয়ান আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি মানসিক রোগ। চিকিৎসা করলে ছয় মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।

রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে পরিবারের কেউ গেলে তাকে পরামর্শ দিয়েও চিকিৎসা করা সম্ভব বলে জানান এই চিকিৎসক।