বরিশালে হামলায় মিশুক চালক নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক মিশুক চালক যুবক নিহত হয়েছে।
শুক্রবার উপজেলার ধামুরা স্ট্যান্ড এলাকায় এ ঘটনায় নিহত ফিরোজ তালুকদার উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুপুরে স্ট্যান্ডে সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে অটোরিকশা মালিক সমিতির সভাপতি চঞ্চল সরদারের সঙ্গে ফিরোজের কথা কাটাকাটি হয়।
এর জেরে চঞ্চলের সহযোগীরা ফিরোজের উপর হামলা চালালে ফিরোজ নিহত হন।
ওসি জানান, এ ঘটনার প্রতিবাদে মিশুক চালকরা হালিম সরদারের বসত বাড়িতে হামলা ও ভাচুর চালায়।
এ সময় বাধা দিতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন আহত হয়েছেন।
তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আনোয়ার হোসেন।
