২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনা নয়, এএসআই জলিল ‘খুন হয়েছেন’

দুর্ঘটনাবশত নিজের অস্ত্রের গুলিতে নয়, লক্ষ্মীপুর পুলিশ লাইনের এএসআই আব্দুল জলিলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2014, 02:37 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে মারা যান এএসআই জলিল (৫০)।

দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে নিজের অস্ত্রের গুলিতে জলিলের মৃত্যু হয় বলে সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হলেও লাশের ময়নাতদন্তের পর পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, এটি হত্যাকাণ্ড।

শুক্রবার দুপুরে পুলিশ লাইনে জলিলের জানাজা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “ময়নাতদন্তের পর আব্দুল জলিলের শরীরে শটগানের গুলি পাওয়া গেছে। কিন্তু তার কাছে ছিল এসএমজি। সেখান থেকে কোনো গুলি বের হয়নি।”

পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার রায়পুর উপজেলায় বিদ্যুতের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশের সঙ্গে এএসআই জলিল সেখানে যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এর কিছুক্ষণ পর রায়পুর থানার সামনে একটি দোকানে চা পানের সময় গুলিবিদ্ধ হন জলিল।

এক প্রশ্নের জবাবে শাহ মিজান শাফিউর রহমান বলেন, “জলিলের শরীরে যে গুলি লেগেছে তা অন্য কোনো পুলিশ সদস্যের না সন্ত্রাসীদের- তা তদন্ত ছাড়া বলা যাবে না।”

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, এএসপি (সদরদপ্তর) নাসিম মিয়া ও এএসপি (সার্কেল) সৈকত শাহিন  ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

জলিল লক্ষ্মীপুর পুলিশ লাইনের রিজার্ভ পুলিশ ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হরি বল্লভপুর গ্রামে।

পুরনো খবর:

লক্ষ্মীপুরে নিজের অস্ত্রের গুলিতে পুলিশের মৃত্যু