মঞ্জুর হত্যা: তদন্ত প্রতিবেদন দিতে আরও সময়
মেজর জেনারেল মঞ্জুর হত্যামামলার অধিকতর তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার সময় আবার পিছিয়েছে।
রাষ্ট্রপক্ষের তিন মাস সময়ের আবেদনের গ্রহণ করে বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এসএম বদিউল আলম প্রতিবেদন জমা দিতে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।
এ নিয়ে তৃতীয়বারের মতো পিছিয়ে গেল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়।
বৃহস্পতিবার আদালতের নির্দেশে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত শেষ করতে আরও সময়ের প্রয়োজন। তাই আমরা তিন মাস সময়ের আবেদন জানিয়েছিলাম।”
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে নাজিম উদ্দিন রোডে ঢাকার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচার চলছে।
তবে বৃহস্পতিবার ওই বিশেষ এজলাসে বিচারক যাননি। জনসন রোডের এজলাসে বসেই নতুন তারিখ রাখেন তিনি।
মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ এবং অন্য দুই আসামি অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া এদিন আদালতে উপস্থিত ছিলেন না।
পাঁচ আসামির মধ্যে হাই কোর্টের নির্দেশে স্থগিত আছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল লতিফ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শামসের বিচার।
আসামিদের সবাই জামিনে রয়েছেন।
