২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৌশলে সাংবাদিকদের এড়িয়ে গেলেন আশরাফ

হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন মহলের দাবির মধ্যে সচিবালয়ে গেলেও কৌশলে সাংবাদিকদের এড়িয়ে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বৃহস্পতিবার সচিবালয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও তার দেখা পাননি সাংবাদিকরা। লতিফ সিদ্দিকীর বিষয়ে সর্বশেষ পদক্ষেপ জানতে দল এবং সরকারের গুরুত্বপূর্ণ এই ব্যক্তির অপেক্ষায় ছিলেন তারা।  

‘মন্ত্রী কথা বলবেন’ বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার অনুরোধে সাংবাদিকরা তার দপ্তরের সামনে থেকে সরে প্রায় ২০ ফুট দূরে লিফটের কাছে দাঁড়ালেও কথা না বলেই চলে যান মন্ত্রী।

আশরাফ তার মন্ত্রণালয়ে তুলনামূলকভাবে কম যান বলে তিনি সচিবালয়ে গেলে বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন দলের মুখপাত্রের বক্তব্য পেতে সাংবাদিকরাও জড়ো হন।

বৃহস্পতিবার সকালে আশরাফ সচিবালয়ে গেলে সাংবাদিকরাও উপস্থিত হন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সামনে। মন্ত্রীর সাক্ষাৎ পেতে বেলা সাড়ে ১১টা থেকে অপেক্ষা শুরু করেন সাংবাদিকরা। মন্ত্রী নিজের কক্ষে সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছিলেন।

ওই কক্ষের বাইরেই ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। ইলেকট্রনিক মাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে ক্যামেরা ও ট্রাইপডও ছিল।

বেলা ১টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোমিনুল হক এসে সাংবাদিকদের বলেন, মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

সেজন্য কক্ষের প্রায় ২০ ফুট দূরে লিফটের কাছে সাংবাদিকদের সরে যেতে বলেন এই কর্মকর্তা। মন্ত্রীকে পাওয়ার আশায় সাংবাদিকরাও চলে যান লিফটের সামনে।

কিন্তু এর পরের ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিলেন না সাংবাদিকরা।

কিছুক্ষণ পর মন্ত্রী দরজা দিয়ে বেরিয়ে চলে যান ভবনের মাঝ বরাবর অন্য লিফটের দিকে। সাংবাদিকরা কিছু বুঝে ওঠার আগেই আটতলা থেকে সরাসরি নিচে নেমে যান তিনি।