নোয়াখালীতে একজনকে পিটিয়ে হত্যা
নোয়াখালীতে লেনদেন সংক্রান্ত কথা কাটাকাটির জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত নুরুল আলম (৫৫) সদর উপজেলার দুর্গানগর গ্রামের সুজা মিয়ার ছেলে। তিনি চট্ট্রগ্রাম বন্দরের শ্রমিক ছিলেন।
বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ইসলামগঞ্জ এলাকার বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সুধারাম থানার এসআই তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেগমগঞ্জ উপজেলার মিলন ও রহিম কয়েকমাস আগে নুরুল আলমের কর্মস্থল চট্রগ্রাম বন্দরের পাশে একটি দোকান ভাড়া নেয়ার জন্য নুরুলকে সঙ্গে নিয়ে ওই দোকান মালিককে কিছু টাকা বায়না হিসেবে দেন।
কিন্তু সময় মত বাকি টাকা দিতে না পারায় দোকান মালিক আরেকজনের কাছে দোকান ভাড়া দিয়ে দেন। এরপর দোকান মালিকের কাছ থেকে বায়নার টাকা আদায় করে দেয়ার জন্য মিলন ও রহিম মিলে নুরুলকে চাপ দিতে থাকে। রাতে বাজারের পাশে একটি চায়ের দোকানে বসা অবস্থায় এই নিয়ে নুরুলের সঙ্গে মিলন ও রহিমের কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে মিলন-রহিমসহ আরও ৪-৫ জন নুরুলকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এসআই তানভীর বলেন, “ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।”
