শৈলকুপায় সংঘর্ষ: চেয়ারম্যানসহ ১১ জন গ্রেপ্তার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গ্রামবাসীর সংঘর্ষে হতাহতের ঘটনায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন স্থানীয় বগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার প্রতিপক্ষ চাঁন মিয়া।
সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
মঙ্গলবার বগুড়া ইউনিয়নের আলফাপুর ও রত্নাট গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হন। ৪০টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দফায় দফায় এ সহিংসতা চলে।
সংঘর্ষে রত্নাট গ্রামের আইজদ্দী সরদারের ছেলে আলম সরদার নিহত হন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
