২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ব্যাংকে চুরি: ‘পরিকল্পনাকারী’ গ্রেপ্তার

জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকে চুরির ঘটনার মূল পরিকল্পনাকারী অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 08:07 PM

Updated : 25 Apr 2022, 04:47 PM

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, বুধবার বিকালে কুষ্টিয়া থেকে জয়পুরহাট পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে নয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ওই ব্যক্তিকে চুরির ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ উল্লেখ করে ওসি জানান, তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

এ নিয়ে এ ঘটনায় জয়পুরহাট ও নারায়ণগঞ্জ থেকে তিনজনকে আটক করা হলো। এছাড়া ওই শাখার দুই নিরাপত্তাকর্মীকে আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তির বরাত দিয়ে ওসি জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে কোনো এক সময় একটি সংঘবদ্ধ দল ব্যাংকের পাশে অবস্থিত একটি ভাড়া নেয়া অফিস থেকে ব্যাংকের দেয়াল কেটে মূল ভবনে প্রবেশ করে।

এরপর তারা ব্যাংকের সিসি ক্যামেরা, বিদ্যুৎ ও এলার্মের সংযোগ বিচ্ছিন্ন করে। তারপর ব্যাংকের ভল্টের তালা না ভেঙে অভিনব কায়দায় ভল্টটি খুলে ফেলে এবং সেখানে রক্ষিত এক কোটি ৯৫ লাখ টাকা নিয়ে যায়।

না’গঞ্জে আটক ২

এ ডাকাতিতে জড়িত অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বুধবার দুইজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, ভোরে ফতুল্লার পিলকুনি এলাকার নাজির মিয়ার বাড়ির ভাড়াটে বাবুল দাস ও উত্তম মল্লিককে আটক করা হয়।

আটকদের টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে ঘটনার পর ব্যাংটির জয়পুরহাটের ওই শাখার নিরাপত্তারক্ষী ফারুক হোসেন ও হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ, পরে যাদের ছেড়ে দেয়া হয়।