২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীকে এসিড নিক্ষেপ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ঘুমন্ত স্বামী-স্ত্রীর উপর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 05:40 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

মঙ্গলবার গভীর রাতে ভদ্রঘাট ইউনিয়নের মধ্যভদ্রঘাট ছোটকারিগড়পাড়ায় এ হামলা হয় বলে পুলিশ ও আক্রান্তরা জানিয়েছেন।

আক্রান্তরা হলেন মধ্যভদ্রঘাট ছোটকারিগড়পাড়ার প্রয়াত রহিম বক্সের ছেলে শাহ আলম ওরফে রোজগার (৪৪) ও তার স্ত্রী আরজিনা খাতুন (৩৮)। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব শক্রতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা কররছেন আক্রান্তরা।  

আক্রান্ত শাহ আলম ওরফে রোজগার জানান, তারা স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে ঘরের বেড়ার উপর দিয়ে এসিড নিক্ষেপ করা হয়।

তিনি অভিযোগ করেন, গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ নেয়ার জন্য সম্প্রতি গ্রামের বেশকিছু লোকের কাছ থেকে টাকা সংগ্রহ করে পল্লী বিদ্যুত অফিসে দেয়া হয়। ইতোমধ্যে অনেকে সংযোগও পেয়েছে।

কিন্ত পার্শ্ববর্তী কয়েকজন নতুন সংযোগ না পাওয়ায় কয়েকদিন আগে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়।

শক্রতাবশতঃ তারাই এসিড নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলাম জানান, আজ ভোর ৪টার দিকে আক্রান্ত স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনা হয়। স্বামীর শরীরের ৫০ ভাগ এবং স্ত্রীর ৪০ ভাগ ঝলছে গেছে। সার্জারী ওয়ার্ডে রেখে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হবে বলে জানান তিনি।

কামারখন্দ থানার ওসি বাবুল উদ্দিন সরদার জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে গিয়ে আক্রান্তদের সাথে কথা বলেছি। পরিবারের স্বজনদের মামলা দিতে থানা আসতে বলেছি।”