২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুন: রুহুল আমিন রিমান্ডে

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় গ্রেপ্তার র‌্যাব সদস্য ল্যান্স কর্পোরাল রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 02:28 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বুধবার বেলা ১১টার দিকে এই র‌্যাব সদস্যকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ।

শুনানি শেষে বিচারক সাত দিনের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।  

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা পাঁচ খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত রুহুল আমিনকে রিমান্ডে পাঠিয়েছে।

রিমান্ড শেষ হলে আইনজীবী চন্দন সরকারসহ অপর দুইজনকে হত্যার ঘটনায় দায়ের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল আদালতে বলেন, র‌্যাব সদস্য রুহুল আমিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণের পর গাড়িতে তুলে চেতনানাশক স্প্রে করে তাদের অচেতন করেন এবং সবার মুখে পলিথিন বেঁধে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন।

র‌্যাবের লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ গ্রেপ্তার অপর সদস্যরা আদালতে ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন বলে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা। 

পাঁচ মাস পলাতক থাকার পর কোরবানির ঈদের পরদিন মঙ্গলবার পটুয়াখালীর বাউফল থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে গোয়েন্দা পুলিশের একটি দল। 

তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ১১ জন র‌্যাব সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।

শুরুতে অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর আড়ালে চলে যান নূর হোসেন। পরে দুই সহযোগীসহ তিনি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন।

র‌্যাবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। গ্রেপ্তার হওয়ার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের ‘দোষ স্বীকার’ করে আদালতে তারা জবানবন্দিও দেন।

সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া এই তিন কর্মকর্তাসহ মোট দশজন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ঘটনার সাক্ষী হিসেবে র‌্যাবের নয় সদস্যসহ মোট ১২ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।

পুরনো খবর:

সাত খুন: আরেক র‌্যাব সদস্য গ্রেপ্তার