সাত খুন: আরেক র্যাব সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় রুহুল আমিন (৩২) নামে আরেক র্যাব সদস্যকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের শানেস্বর গ্রামে নিজের বাড়ি থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের গোয়েন্দা পুলিশ।
সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রুহুল সাত খুনের ঘটনার সময় প্রেষণে র্যাব-১১তে দায়িত্বরত ছিলেন।
নরেশ চন্দ্র জানান, সাত খুনের ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা মামলায় এই র্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়। বাউফল থানা পুলিশও এই অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তারের পর সকালেই রুহুল আমিনকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
চলতি বছর এপ্রিলে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত র্যাবের মোট ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
অপহরণের ঘটনার পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়। নূর হোসেন র্যাবকে ছয় কোটি টাকা দিয়ে হত্যা করিয়েছেন বলে নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।
শুরুতে অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর লোকচক্ষুর আড়ালে চলে যান নূর হোসেন। পরে দুই সহযোগীসহ তিনি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন।
র্যাবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। গ্রেপ্তার হওয়ার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের ‘দোষ স্বীকার’ করে আদালতে তারা জবানবন্দিও দেন।
সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া এই তিন কর্মকর্তাসহ মোট দশজন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ঘটনার সাক্ষী হিসেবে র্যাবের নয় সদস্যসহ মোট ১২ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
