সাংবাদিক গোলাম ফারুকের দাফন সম্পন্ন
দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুককে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
প্রয়াতের ভাই মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় জানাজা শেষে পুশমাইল গ্রামে পারিবারিক কবরস্থানে প্রয়াতের লাশ দাফন হয়।
এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফারুকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, বিজবাংলা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান এম এ মঈন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও গোলাম ফারুকের পরিবারের সদস্যরা।
রাতেই ময়মনসিংহ থেকে ফারুকের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ কারওয়ান বাজারে নিজ কর্মস্থল দৈনিক বণিক বার্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলেম উদ্দিনের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
বণিক বার্তার আগে দৈনিক সমকালে ফিচার সম্পাদক ও এবিসি রেডিওতে প্রধান প্রযোজক হিসেবে কাজ করেছেন গোলাম ফারুক। দৈনিক ভোরের কাগজেও কাজ করেছেন তিনি।
এছাড়া বিনোদন সাময়িকী আনন্দভুবনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
