২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর একটি বাড়ি থেকে এক নারী পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 12:53 AM

Updated : 22 Aug 2022, 07:16 PM

সদরঘাট থানার এসআই ভবেশ চন্দ্র জানান, সোমবার রাত ৮টার দিকে পশ্চিম মাদারবাড়ির যুগি চাঁদ মসজিদ লেইনের এক বাসায় পাখি আক্তারের (২৫) লাশ পাওয়া যায়। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

ঘটনার পর থেকে নিহতের রিকশাচালক স্বামী মোহাম্মদ ইউসুফ চার বছরের ছেলেসহ পলাতক রয়েছেন। পুলিশের সন্দেহ, দাম্পত্য কলহের জের ধরে স্বামী ইউসুফই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই ভবেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দম্পতির সম্পর্কে দীর্ঘদিন ধরে সংকট চলছিল। আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

“গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাখিকে হত্যা করা হয়েছে।”

তিনি বলেন, সন্দেহভাজন হিসেবে ইউসুফকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।