২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনরা যাননি কাশিমপুর কারাগারে

যুদ্ধাপরাধে দণ্ডিত কয়েকজনসহ জামায়াত ও বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার ঈদ কেটেছে কাশিমপুর কারাগারে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এরমধ্যে রয়েছেন জামায়াতের মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাশিম আলী, কামারুজ্জামান, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, খন্দকার মো. মোশারফ হোসেন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।

এদের সঙ্গে দেখা করতে কোনো স্বজন কারাগারে যায়নি বলে সংশ্লিষ্ট কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন।

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার আমজাদ হোসেন ডন জানান, এ কারাগারে ৯৯০ জন বন্দির মধ্যে বিএনপি নেতা খন্দকার মো. মোশারফ হোসেনসহ চারজন রয়েছেন ডিভিশনপ্রাপ্ত, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ৮০ জন রয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এছাড়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী হলেন যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত।

এ কারাগারে এবার ঈদের তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, তার কারাগারে এক হাজার ৯৫০ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, কর্নেল এহসান, মেজর মুকিত, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও মীর কাশিম আলী হলেন ডিভিশনপ্রাপ্ত। এছাড়া যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানসহ ১০০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন।

এ কারাগারে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার মিজানুর রহমান জানান, ওই কারাগারে দেড় হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে মেজর জাকির হোসেন, ব্যারিস্টার মো. ফখরুল ও ভারতীয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) নেতা অনুপ চেটিয়াসহ চারজন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন।

এছাড়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ ৫৭০ জন রয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। মতিউর রহমান নিজামী দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত।

এ কারাগারে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে।  

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ওই কারাগারে আড়াইশ’র মতো বন্দি রয়েছে। তাদের মধ্যে ৮জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত রয়েছেন।  

ঈদ উপলক্ষে বরাবরের মতো এবারও প্রতি কারাগারে বিশেষ খাবার সরবরাহের ব্যবস্থা হয়েছে। এছাড়া কারাগার-২-এর বন্দিদের অংশগ্রহণে স্বল্প পরিসরে সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করা হয়।

বিশেষ খাবারের মধ্যে রয়েছে, সকালে পায়েস ও মুড়ি, দুপুরে সাদা ভাত, মাছ, আলুর দম এবং রাতে পোলাও, মাংস, ডিম, মিষ্টি, কোমল পানীয় সালাদ ও পান-সুপারি।