ভোলায় অর্থনৈতিক জোন হবে: তোফায়েল
ভোলায় শিগগিরই বিশেষ অর্থনৈতিক জোন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
ফাইল ছবি
রোববার ভোলায় তিনি বলেন, “ভোলায় শিঘ্রই স্পেশাল ইকনমিক জোন করা হবে। ভোলায় গ্যাস আছে, বিদ্যুৎ আছে।
“এখানে অনেক শিল্প, কল-কারখানা স্থাপন করা হবে। ভেলুমিয়া, ভেদুরিয়া হবে অর্থনৈতিক জোন। অনেক বিনিয়োগকারী এখানে এসে বিনিয়োগ করবে।”
তোফায়েল আহমেদ আরো বলেন, ভোলায় ২২৫ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের কাজ প্রায় শেষ। আরো ২২৫ মেগাওয়াট যোগ হবে।
কৃষকদের সুবিধার জন্য ভোলায় একটি সার কারখানা স্থাপন করা হবে বলেও জানান তিনি।
দুপুরে ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের দক্ষিণ কুঞ্জপট্টি থেকে চন্দ্র প্রসাদ গ্রাম পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের উদ্বোধন করেন তোফায়েল আহমেদ।
ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম মালের সভাপতিত্বে উদ্বোধন অনুস্ঠানে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
