গাজীপুরে সুতার কারখানায় অগ্নিকাণ্ড, আহত ৩
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক আহত হয়েছেন, যাদের দুজন দগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধ দুই শ্রমিক হলেন- মো. শাহজাহান মিয়া (২৬) ও মো. আলামিন (১৯)। এছাড়া লাফিয়ে পড়ে বিপুল (২৩) নামে আরেক শ্রমিক আহত হন।
অগ্নিদগ্ধ শাহজাহানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুরের মাধখোলা এলাকায় ইসরাক স্পিনিং মিলের জেনারেটর কক্ষে এ অগ্নিকাণ্ড হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার ইউটিলিটি ব্যবস্থাপক প্রকৌশলী মিলন হোসেন গাজী জানান, আগুনে কারখানার চারটি জেনারেটরসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।
এতে প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা তাশারফ বলেন, কারখানার জেনারেটর কক্ষে থাকা গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
