২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে দুর্ভোগের জন্য ক্ষমা চাইলেন ওবায়দুল কাদের

কোরবানির ঈদের আগে সারা দেশের সড়ক যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 06:11 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ জট, দুর্ভোগে যাত্রীরা

তবে একাধিক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটে মানুষের দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চান তিনি।

শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক পরিদর্শনের সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “যানজট ও রাস্তাঘাট নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে আমি পুরোপুরি খুশি হতে পেরেছি এ কথা বলার কোনো উপায় নেই।

“শুধু চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর অংশে কয়েকটি এক্সিডেন্ট হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ অংশে অনেক মানুষ বেশ কিছু সময় দুর্ভোগের কবলে পড়েছে । সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রাসহ আশপাশের প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে পড়ে ঈদে ঘরমুখো মানুষ।

হাইওয়ে পুলিশ বলছে, আগের রাতে একাধিক সড়ক দুর্ঘটনা, গরুবোঝাই ট্রাক ও বাড়ি ফেরা মানুষের চাপের কারণে ওই মহাসড়কে যানজট তৈরি হয়।

এদিকে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও ঈদে ঘরমুখো যাত্রীর পরিবহনের চাপে গাড়ি চলছে খুব ধীরে।  এই মহাসড়কে কোনো দুর্ঘটনা না ঘটলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের চাপ এখানেও প্রভাব ফেলে।

তবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “অন্যান্য মহাসড়ক যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, সিলেট, যশোর, খুলনা, ফরিদপুরের মহাসড়কগুলো যানজটমুক্ত রয়েছ। এসব স্থানের মহাসড়কে কোথাও কোনো দুর্ভোগের কারণ তৈরি হয়নি “

তাছাড়া পূজা ও ঈদ উপলক্ষে বেশির ভাগ মানুষ আগেই রাজধানী ছেড়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “শনিবার দুপুরে বাসে যাত্রীদের তেমন চাপ নেই। আর রাস্তায় যানবাহনেরও সংখ্যাও কম।”

এসময় ঈদের আগে যাত্রীদের কাছে পরিবহন ব্যবসায়ীদের বেশি ভাড়া নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

মন্ত্রী বলেন, “ঈদের সময় এমন ঘটনা হয়। শনিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গেলে একটা গাড়িতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে ভাড়ার জন্য নেয়া বেশি টাকাটা ফেরৎ দেয়া ব্যবস্থা করেছি।”

এর জন্য সচেতনতা না থাকাকে দায়ী করে তিনি বলেন, “রাতারাতি পুরনো এ অভ্যাস পরিবর্তন করতে পারবো না। তবে এসব আস্তে আস্তে সহনীয় হয়ে আসছে।”

সার্বিক পরিস্থিতিকে ‘ভাল’ আখ্যা দিয়ে পূজা ও ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগসহ সমস্যা মোকাবেলায় পরিকল্পনার কথা তুলে ধরেন পরিবহনমন্ত্রী।

“পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূজা এক সঙ্গে হওয়ায় আমাদের এনফোর্সমেন্টের একটা ভাগ চলে গেছে পূজায়, একটি ভাগ কোরবানির পশুর হাটে ও আরেকটি ভাগ রয়েছে রাস্তায়। তার পরেও যে সমস্যা হওয়ার কথা ছিল তা হয়নি। ”

এবার রাস্তায় গরুর হাট একেবারেই কম বসেছে দাবি করে তিনি বলেন, এবার প্রশাসন সতর্ক থাকায় রাস্তায় গরুর হাটের যে বিড়ম্বনা তা হয়নি।

মন্ত্রীর সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক ও মানিকগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ  সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।