২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরবের সঙ্গে মিল রেখে কয়েকশ গ্রামে ঈদ

প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলার কয়েকশ গ্রামে শনিবার কোরবানির ঈদ উদযাপিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 02:40 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

সকালে দিনাজপুর, লালমনিরহাট, ভোলা, মুন্সীগঞ্জ, বরিশাল, চাঁদপুর, সাতক্ষীরা ও চট্টগ্রামের কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে ঈদের নামাজ পড়ার মধ্য দিয়ে ধর্মীয় এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

নামাজ শেষে যথারীতি পশু কোরবানিও দেয়া হয়েছে এসব এলাকায়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উদযাপন করে মুসলমানরা। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী সোমবার বাংলাদেশে ঈদ-উল-আযহা পালনের দিন ঠিক হয়েছে।

তবে দেশের বিভিন্ন এলাকায় কোনো কোনো পীরের অনুসারীরা সৌদি আরবকে তীর্থভূমি মনে করে তাদের সঙ্গে একই দিন ঈদ পালন করে থাকেন।

চট্টগ্রাম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার অনেকেই শনিবার ঈদ পালন করছেন।

সকাল সাড়ে ১০টায় সাতকানিয়ার মীর্জা খিল দরবার শরীফে ওই এলাকার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সাতকানিয়ার মীর্জা খিল দরবার শরীফের শাহ জাহাঙ্গীরের অনুসারীরা দীর্ঘদিন ধরেই ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছেন।

বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ হাজার মানুষ মির্জা খিল দরবার শরীফের নামাজে অংশ নিয়েছেন বলে সেখানকার খাদেম মো. শহীদুল আজিজ জানান।

এরপর সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি দেয়া হয়।

এছাড়া চন্দনাইশ ও আনোয়ারাতেও এই পীরের অনুসারীরা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এদিন ঈদ উদযাপন করছেন।

সাতকানিয়ার মির্জা খিল ছাড়াও চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের হারলা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি গ্রামে এদিন ঈদ পালিত হচ্ছে।

ঈদ উদযাপন করছেন বাঁশখালীর চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদণ্ডী, চর বরমা, আলী নগর, পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লা পাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও, আনোয়ারার বরুমছড়া, বরকল, তৈলার দ্বীপসহ কিছু গ্রামের বাসিন্দারা।

এছাড়া কক্সবাজার জেলার চকরিয়া, টেকনাফ, মহেশখালী, হ্নীলা, কুতুবদিয়া, আলিকদম ও সীতাকুণ্ডের মাহমুদাবাদ এলাকায় দরবার শরীফের অনুসারীরাও ঈদ উদযাপন করছেন।

দিনাজপুর

সৌদী আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিভিন্ন স্থানে শনিবার ঈদ-উল-আযহা উদযাপন চলছে। সকালে ঈদের নামাজ শেষে যথারীতি পশু কোরবানিও দেয়া হয়েছে এসব এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধি জানান, শনিবার সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদের নামাজ হতে দেখা যায়।

প্রায় দুই শতাধিক মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে নিজ নিজ বাড়িতে পশু কোরবানিও দেয়া হয়।

এছাড়া দিনাজপুরের চিরিরবন্দর, খানসামা ও বীরগঞ্জ উপজেলায়ও ঈদের জামাত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

লালমনিরহাট

সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি মৌজার হাড়িশ্বরের মুন্সিপাড়া, চন্দ্রপুরের বালাপাড়া ও পানি খাওয়ার ঘাট গ্রামে আলাদা তিনটি ঈদের জামাতে সহস্রাধিক মানুষ নামাজ আদায় করেন।

হাড়িশ্বর মুন্সীপাড়া গ্রামের ঈদগাহ মাঠের সভাপতি আব্দুল আজিজ ও জামাতের খতিব ইমান আলী জানান, গত চার বছর ধরে সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন তারা।

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর ও বাঘাইকান্দির একাংশসহ সাত গ্রামে শনিবার ঈদ উদযাপিত হচ্ছে।

শিলই ঈদগাঁহ ময়দানে নামাজ শেষে এসব গ্রামের মানুষ কোলাকুলি, ঘরে ঘরে বিশেষ খাবার তৈরি, নতুন পোশাক পরিধানসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন।

বরিশালে ঈদ করছে ২০ হাজার পরিবার   

বরিশাল বিভাগের প্রায় ২০ হাজার পরিবার শনিবার কোরবানির ঈদ উদযাপন করছে।

এসব পরিবার চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চননগর পশ্চিম এলাহাবাদ জাহাগীরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

শনিবার সকাল ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজিবাড়ি এলাকায় এ তরিকার অনুসারীদের বিভাগীয় প্রধান মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।

মসজিদের ইমাম দোলোয়ার হোসেন জানান, বরিশাল বিভাগে এই তরিকার ৭৫টি মসজিদ রয়েছে। মক্কা নগরীর সঙ্গে তাল মিলিয়ে তারা ঈদ উদযাপন করে থাকেন।

ভোলার ১০ গ্রামে ঈদ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার চারটি, তজুমদ্দিনের তিনটি, লালমোহনের দুটি ও চরফ্যাশনের একটি সহ মোট ১০ গ্রামে ঈদ উদযাপন চলছে।

বোরহানউদ্দিনের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায় উপজেলার কাচিয়া গ্রামের মজনু মিয়ার বাড়িতে। এরপর পশু কোরবানী করা হয়।

সুরেশ্বর দরবার এবং সাতকানিয়া পীরের মুরিদ এসব মানুষ প্রতি বছরই সৌদী আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।

চাঁদপুর

চাঁদপুরে অর্ধশত গ্রামে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ। মধ্যপ্রাচ্য তথা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব গ্রামে ঈদ উদযাপন হয়ে আসছে শতবছর ধরে।

এ জেলায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর ও বাসারা, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলি, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোলা, হাঁসা ও গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি এবং কচুয়ার কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এখানকার নামাজের ইমাম আরিফ চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পীর আল্লামা ইসহাক এ এলাকায় ধর্মীয় অনুষ্ঠান পালন শুরু করেন।