কক্সবাজারে ডাকাত-পুলিশ গোলাগুলি, আহত ৬
কক্সবাজার শহরের একটি বাড়িতে ডাকাতের গুলিতে এক তরুণী আহত হওয়ার পর ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- সদর থানার এসআই শাহ আলম, কনস্টেবল ফরিদ, বংশী ও অজয় বড়ুয়া।
এছাড়া ডাকাতের গুলিতে দক্ষিণ রুমালিয়াছড়া এলাকার সিরাজুল ইসলামের ভাগ্নি রোকসানা (১৭) গুলিবিদ্ধ হন। রোকসানা ও আহত পুলিশ সদস্যদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ডাকাত দলের সদস্য মনির মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মাহফুজুর বলেন, ভোররাত ৩টার দিকে রুমালিয়াছড়ার বাচা মিয়ার ঘোনা এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে গ্রিল কেটে প্রায় ৩০ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। বাড়ির লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে এক পর্যায়ে ডাকাতরা গুলিবর্ষণ করে। এতে সিরাজুলের ভাগ্নি রোকসানা (১৭) গুলিবিদ্ধ হন।
“স্থানীয়রা গুলির শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালানোর এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।”
এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
ডাকাত দলের অন্যদের ধরতে অভিযান চলছে বলে ওসি মাহফুজুর জানিয়েছেন।
