লতিফের বক্তব্য নিয়ে মুসল্লিদের মারামারি
হজ নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বালিদীঘিরপাড় গ্রামে এ সংঘর্ষ হয়।
মুসল্লিদের একটি পক্ষ জমিয়তে উলামায়ে ইসলামীর নেতাকর্মী; তার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সমর্থক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। আরেক পক্ষ সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের সমর্থক হিসেকে পরিচিত।
রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুমার সময় ঘড়গাঁও গ্রামের বালিদীঘিরপাড় জামে মসজিদে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সেক্রেটারি ও সমাজকল্যাণমন্ত্রীর সমর্থক ক্বারী শামছুল হক মাইক নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের সমালোচনা করেন।
"তিনি এর প্রতিবাদে বিকালে রাজনগর বাজারে আয়োজিত মিছিলে শরিক হওয়ার আহ্বান জানান। এসময় সাবেক চিফ হুইপের সমর্থক হিসেবে পরিচিত ওই গ্রামের এক যুবক এর বিরোধিতা করলে দুপক্ষের মধ্যে মসজিদে কথা কাটাকাটি চলে কিছুক্ষণ।"
এর জের ধরে বিকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বালি দীঘিরপাড় জামে মসজিদের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে ।
