ভাষা মতিনের অবস্থার অবনতি
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ভাষাসৈনিক আব্দুল মতিনের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
গত দুই দিন ধরে তাকে কৃত্রিমভাবে শ্বাস দেয়া হচ্ছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তার স্ত্রী গুলবদন নেসা মনিকা বলেন, “দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। এতোদিন নিজে শ্বাসপ্রশ্বাস নিতে পারতেন। গত দুই দিন ধরে তাকে কৃত্রিমভাবে দিতে হচ্ছে।”
গত ১৮ অগাস্ট স্ট্রোক করার পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) নেতা মতিনকে প্রথমে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরে বঙ্গবন্ধু মেডিক্যালে স্থানান্তর করা হয়।
দুই দিন পর ২০ অগাস্ট সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত সরিয়ে নেন চিকিৎসকরা। এরপর থেকে তিনি আইসিইউতেই আছেন।
মাঝে চিকিৎসকরা এই ভাষা সৈনিকের অবস্থার কিছুটা উন্নতির খবর দিলেও দুদিন আগে পরিস্থিতি আবার খারাপের দিকে যায়।
তার স্ত্রী বলেন, “গত কয়েকমাস ধরেই সে অসুস্থ। স্মৃতি লোপ পাচ্ছিল। ভাষা আন্দোলনের ওই সময়টুকু ছাড়া এর আগে-পরের অনেক কথাই স্মরণ করতে পারত না।”
দুই মেয়ের বাবা আবদুল মতিন মোহাম্মদপুরে পরিবারের সঙ্গে থাকতেন। তার জন্ম ১৯২৬ সালের ৩ ডিসেম্বর, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ধুবলিয়া গ্রামে।
১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে নেতৃত্বের ভূমিকার জন্য তাকে ‘ভাষা মতিন’ নামেই চেনে সারা বাংলাদেশ।
১৯৫৪ সালে পাবনা জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক হন মতিন। মওলানা ভাসানী ‘ন্যাপ’ গঠন করলে তিনি ১৯৫৭ সালে তাতে যোগ দেন। ১৯৫৮ সালে মতিন ‘পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এমএল ) গঠন করেন।
চীনকে অনুসরণকারী বামপন্থি দলগুলোর নানা বিভাজনের মধ্যেও আবদুল মতিন সক্রিয় ছিলেন রাজনীতিতে। ১৯৯২ সালে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।
২০০৬ সালে ওয়ার্কার্স পার্টি থেকে তিনি পদত্যাগ করেন। পরবর্তীকালে ২০০৯ সালে হায়দার আকবর খান রনোর নেতৃত্বে ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠন) গঠিত হলে আবদুল মতিন তাদের সঙ্গে যোগ দেন। হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেও আবদুল মতিন পুনর্গঠিত ওয়ার্কার্স পার্টির সঙ্গেই রয়েছেন।
ভাষা আন্দোলন বিষয়ে তার রচিত বিভিন্ন বইয়ের মধ্যে রয়েছে ‘বাঙালী জাতির উৎস সন্ধান ও ভাষা আন্দোলন’, ‘ভাষা আন্দোলন কী এবং কেন’ এবং ‘ভাষা আন্দোলনের ইতিহাস’।
এছাড়া প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক বই ‘জীবন পথের বাঁকে বাঁকে’।
