ভোলার ১৯০ কি.মি. জলসীমায় মাছ ধরা নিষিদ্ধ
ভোলা জেলার মেঘনা ও তেতুলিয়া নদী এবং বঙ্গোপসাগর মোহনার ১৯০ কিলোমিটার জলসীমায় ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।
এ সময়ে ইলিশ আহরণ, জাল ফেলা, মাছ বাজারজাত, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
ভোলার মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক জানান, এই ১১ দিন ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ সময় ইলিশ সাগর থেকে নদী উপকূলে ডিম ছাড়তে আসে। প্রজনন যাতে বিঘিœত না হয় সেজন্য সব ধরনের মাছ ধরা বন্ধ করা হয়েছে।
“অসাধু চক্র যাতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও সাগরে মাছ শিকার করতে না পারে সে জন্য পুলিশ, ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, মৎস্যবিভাগের আলাদা দল নদী ও বঙ্গোপসাগরে টহল দেবে।”
নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এদিকে ঈদের আগে মাছ ধরা নিষিদ্ধ করায় চরম আর্থিক সঙ্কটে পড়ার আশঙ্কায় রয়েছেন জেলে ও মাছের আড়তদাররা।
চরফ্যাশনের মাছের আড়তদার মাহাবুবুর রহমান বলেন, “জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা না করে মাছ ধরা নিষিদ্ধ করায় অনেক জেলে ও মৎস্যজীবী চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।”
মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক বলেন, "নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।"
