লতিফ সিদ্দিকীর শাস্তি দাবিতে বায়তুল মোকাররমে মিছিল
হজ নিয়ে মন্তব্যের কারণে আবদুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেছে সম্মিলিত ওলামা-মাশায়েখ এ সম্মিলিত ইসলামী দলসমূহ।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে এ দুটি সংগঠনের ব্যানারে কয়েকশ’ লোক জুতা হাতে বিক্ষোভ শুরু করে।
এ সময় মসজিদের উত্তর ফটকে পুলিশ বাধা দিলেও পরে ফটক খুলে দেয়া হয় এবং তারা মিছিল নিয়ে পল্টন ও দৈনিক বাংলা মোড় এলাকায় ঘুরে মিছিল করে।
এই মিছিলের কারণে প্রায় পৌনে এক ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে বলে মতিঝিল পুলিশের উপ কমিশনার মো. আশরাফুজ্জামান জানান।
তিনি বলেন, “আমরা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। কোনো ধরনের সহিংসতা ঘটেনি।”
ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা লতিফ সিদ্দিকী গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের বিরোধী। তার যুক্তি, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে।
তার ওই বক্তব্য নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত দুই ডজন মামলাও হয়েছে।
