২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশ ও ফকিরহাট এলাকা থেকে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 12:31 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকা ও বন্দর থানার ফকির হাটে বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহামেদ শুক্রবার সকালে পতেঙ্গায় র‌্যাব-৭ সদর দপ্তরে ওই অভিযানের কথা জানান।

গ্রেপ্তার তিনজন হলেন- সৈয়দ কাশেম (৩৩), সম্রাট সরদার (২৩) ও রবিউল পাটোয়ারি (২২)। এদের মধ্যে কাশেমের বাড়ি কক্সবাজারের টেকনাফ ভোদারবিল এলাকায় ও অন্য দুইজনের বাড়ি মুন্সিগঞ্জ ও কুমিল্লার মনোহরগঞ্জে।

র‌্যাব কর্মকর্তা মিফতা উদ্দিন জানান, গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকা থেকে সৈয়দ কাশেমকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে রাতে তাকে নিয়ে অভিযান চালিয়ে একই এলাকার আরেকটি বাসা থেকে উদ্ধার করা হয় আরও এক লাখ ২০ হাজার ইয়াবা।

পরে কাশেমের দেয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার ফকিরহাট এলাকার কুদ্দুস ম্যানসন থেকে সম্রাট ও রবিউলকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মিফতা উদ্দিন বলেন, কাশেম টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসে ওই বাসায় মজুদ করতেন। পরে সেখান থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

“কাশেম জানায় গত ১ এপ্রিল ১২ হাজার টাকায় ওই বাসাটি সে ভাড়া নেয়। দুই থেকে তিন মাস পরপর অবস্থান পরিবর্তন করে সে এই কর্মকাণ্ড চালিয়ে আসছিল।”

কাশেমের কাছ থেকে ইয়াবা কেনার জন্য সম্রাট ও রবিউল ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিল বলে জানান তিনি।