২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পূজার বর্ণিল আয়োজন

মণ্ডপে-মণ্ডপে দেবী দুর্গার পূজা, ঢাকের বাজনা, বর্ণিল আলোকসজ্জা আর ভক্তদের সরব উপস্থিতিতে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে সনাতন ধর্শালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2014, 07:03 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

বৃহস্পতিবার নগরীর পাথরঘাটার শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়।

ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মাতৃরূপে কল্পনা করে পূজার নিয়মানুসারে তার নামকরণ করা হয় ‘অপরাজিতা’।

শান্তনেশ্বরী মাতৃমন্দিরের পূজারি শ্যামল সাধু মোহন্ত বলেন, “মা দুর্গা নারী রূপে ধরাধামে আবির্ভূত হন। একারণে একজন কুমারীকে মাতৃরূপে কল্পনা করে তাকে পূজা করা হয়।”

বৃহস্পতিবার সকালে নগরীর সবগুলো পূজা মণ্ডপে অষ্টমী পূজা করা হয়। মন্দিরে ও মণ্ডপে সমবেত ভক্তদের অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শেষ হয় অষ্টমীর আনুষ্ঠানিকতা।

এবার বন্দর নগরীতে মোট ২২৭টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। নগরীর বাইরে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলায় মোট পূজা মণ্ডপের সংখ্যা এক হাজার ৫৯৫টি।

নগরীর মণ্ডপগুলোর মধ্যে এবার সবচেয়ে নজর কেড়েছে হাজারী গলি, কুসুমকুমারী সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, গোসাইলডাঙ্গা একতা সংঘ, ঘটা ফরহাদবেগ, পাথরঘাটা ও নালাপাড়ার কয়েকটি পূজা।

হাজারী গলির পূজার ‘থিম’ প্রায় দুই হাজার বছর ‍আগে অগ্ন্যুৎপাতে রোমান সাম্রাজ্যের পম্পেই নগরীর ধ্বংস ও পুনরুত্থান।

প্রতিমাশিল্পী গৌতম পাল এই পূজার দুটি দুর্গা প্রতিমার একটি রোমান ধাঁচের এবং অন্যটি প্রাচীন ‍বাংলা প্রতিমার আঙ্গিকে তৈরি করেছেন।

হাজারী গলি পূজা কমিটির সভাপতি জহর লাল হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেবী দুর্গার অসুর দমন করে শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠার ধারণাকে রোমান সভ্যতার পম্পেই নগরীর ধ্বংস ও পুনরুত্থানের মাধ্যমে প্রতীকী রূপ দেয়ার চেষ্টা করেছি এবারের আয়োজনে।”

৫৮তম বারের মতো পূজার আয়োজন করা ঘাট ফরহাদবেগ পূজা কমিটির সদস্য উজ্জ্বল ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থিমের আড়ালে দেবীর মূল রূপ হারাতে বসেছে। তাই ওরিয়েন্টাল ধাঁচের প্রতিমা গড়াই আমাদের বৈশিষ্ট্য।”

এখানকার মণ্ডপ সজ্জা করা হয়েছে হাতির আদলে।

বেলা বাড়ার সাথে সাথে প্রতিদিনই নগরীর মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে দল বেঁধে পূজা দেখা চলে মধ্যরাত পর্যন্ত।

পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ভক্তদের মাঝে এনে দিয়েছে বাড়তি উৎসাহ।

এদিকে পূজার সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস।

বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া ও আনোয়ারা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছি।”

“সবখানে শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের গৃহীত পদক্ষেপে সনাতন ধর্মানুসারীরা সন্তুষ্ট।”