২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসেও উদ্ধার হননি  যুবলীগ নেতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অপহৃত এক যুবলীগ নেতাকে এক মাসেও উদ্ধার করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

উপজেলার কানসাট হঠাৎপাড়া থেকে গত ২৬ অগাস্ট অপহৃত হন কানসাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির হোসেন।

নাসিরকে উদ্ধারের দাবিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী নাহার বেগম।

সংবাদ সম্মেলনে নাসিরের মা নাসরিন বেগম, ভাই আব্দুর রাজ্জাক, বোন সাকিলা খাতুন ও তিন বছরের মেয়ে উর্মি উপস্থিত ছিল।

গত ২৬ অগাস্ট রাত ১১টায় কানসাট বাজার থেকে মোটর সাইকেলে হরিপুর গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে হঠাৎপাড়া এলাকায় জোর করে তুলে নেওয়া হয় নাসিরকে।

নাহার বলেন, “পোরশা উপজেলার কাটাপুকুর গ্রামের ইমাম আলীর ছেলে ইউসুফের নেতৃত্বে ৫/৬জন তার (নাসির) গতিরোধ করে। নাসির মোটর সাইকেল থামানো মাত্র তাকে জোর করে মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।”

তিনি বলেন, পরদিন নাসিরের ভাই আব্দুর রাজ্জাকের মোবাইলে ফোন করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মামলা করলে নাসিরকে হত্যার হুমকি দেন ইউসুফ।

নাসিরের সন্ধান না পেয়ে গত ১৯ সেপ্টেম্বর আব্দুর রাজ্জাক বাদী হয়ে শিবগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল করিম বলেন, অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।