মাদক রাখার দায়ে তিন জনের সাজা
চট্টগ্রামের বাকলিয়ায় ইয়াবা ও চোলাই মদ রাখার দায়ে এক নারীসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।
সাজাপ্রাপ্তরা হলেন- আবদুর গফুর (৪০), পারভীন আক্তার (২৮) এবং সুমন ধর (৩২)।
তাদের মধ্যে ইয়াবা রাখার দায়ে গফুর ও পারভীনকে চার মাস করে এবং চোলাই মদ রাখার দায়ে সুমনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গফুরকে নগরীর রাহাত্তার পুল, পারভীনকে কালামিয়া বাজার এবং সুমনকে নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
পুলিশের দাবি তিনজনই মাদকসেবী ও মাদক বিক্রেতা।
