হত্যার দায়ে ১ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন
ঢাকার ধামরাইয়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও রয়েছেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌশুলি মো. মাহবুবুর রহমান জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুর রশীদ হত্যাকাণ্ডে ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দী দিয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পালিয়ে যান।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ, বিপ্লব, আসাদুজ্জামান আসাদ, সিদ্দিকুর রহমান, রাজন ও মনির। এদের মধ্যে বিপ্লব ও রাজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আট আসামিকে খালাস দেয়া হয়।
মামলায় বলা হয়, ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বন্দ্বের জের ধরে ২০১২ সালের ৬ মার্চ চেয়ারম্যান পদে বিজয়ী রফিকুল ইসলাম মোকসেদের কয়েক সমর্থকের হাতে পরাজিত প্রার্থী নজরুল ইসলাম সরকার সমর্থক বলে পরিচিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাজমুল হুদা খুন হন।
“ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বালিয়াবাজার থেকে চর চৌহাট এলাকায় নিজের বাড়িতে যাওয়ার পথে বংশী নদীর চরে ওৎ পেতে থাকা আসামিরা চাপাতি, দা-কুড়াল ও লাঠি দিয়ে পান্নাকে কুপিয়ে জখম করে।
“এ সময় পান্নার সঙ্গীরা বাধা দিতে গেলে আসামিরা তাদেরও জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে পান্না মারা যান।”
এ ঘটনার পর নিহতের স্ত্রী হাসু বেগম ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ৩০ জুন ধামরাই থানার এসআই হেলালউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।
বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৬ জন ও আসামি পক্ষে তিনজনের সাক্ষ্য নেয়া হয়।
