২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবদের সনদ জালিয়াতিতে সহযোগীরাও ফাঁসছেন

সনদ জালিয়াতি করতে সচিবদের যারা সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 10:50 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘সাত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

মোজাম্মেল হক বলেন, “আমার ঘরে আগুন যেহেতু লেগেছে, প্রথম কাজ হল আগুন থামানো। তারপর একে একে উদঘাটন করা হবে কারা এ আগুন লাগিয়েছে এবং এ কাজ খুব শিগগির শুরু হবে।

“কাদের সহায়তায় ওই সচিবরা মুক্তিযোদ্ধা হয়েছে, কারা ওই সনদে স্বাক্ষর করেছে, কারা অনুমোদন দিয়েছে, সব তদন্তের আওতায় আসবে।”

দুর্নীতি দমন কমিশন ভুয়া বলে প্রমাণ পাওয়ার পর তাদের সুপারিশে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল সম্প্রতি চারজন সচিব এবং একজন যুগ্মসচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়।

এই কর্মকর্তারা হলেন- স্বাস্থ্য সচিব নিয়াজ উদ্দিন মিয়া, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান) মোল্লা ওয়াহিদুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী (বর্তমানে ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।

এরপর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণায় তিন সচিব ও এক যুগ্ম সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গেজেট প্রকাশ করে। তবে বাতিল না করে স্থগিত করা হয় ওয়াহিদুজ্জামানের সনদ।

জালিয়াতির জন্য প্রশাসনের শীর্ষস্তরের এই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার মামলার বিধান থাকলেও সেই ধরনের ব্যবস্থা এখনো নেয়নি সরকার। এর মধ্যে সচিব নিয়াজউদ্দিন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রেও গেছেন।  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আইন অনুসারে সরকারী কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের।

“আমরা অভিযুক্তদের সনদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি। আশা করছি তারা আইন অনুযায়ী তাদের (অভিযুক্তদের) বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।”

অভিযুক্ত এক সচিব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কিভাবে হয়েছেন- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, “প্রধানমন্ত্রী নিজে তার সফরসঙ্গী নির্বাচন করেন না। প্রত্যেক সফরের দুই মাস আগেই নির্ধারিত হয়ে যায়, কারা কারা সফরসঙ্গী হবেন।”

দুর্নীতি দমন কমিশন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কি না- এই প্রশ্নে তিনি বলেন, দুদক শুধু তদন্ত প্রতিবেদন দিতে পারে, চূড়ান্ত বিচারের মালিক আদালত।

খুব শিগগিরই উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী মাসের ১২ তারিখে মন্ত্রণালয়ের বৈঠকে এর সময় নির্ধারণ হবে।

“যাচাই-বাছাই শুরু হওয়ার তিন সপ্তাহ আগে থেকে গণমাধ্যমে কোনো এলাকায় কখন যাচাই-বাছাই শুরু হচ্ছে, তা জানানো হবে।”

তিনি বলেন, যাচাই-বাছাইয়ে কারো সনদ বা মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন উঠলে তাকেই প্রমাণ করতে হবে যে সে মুক্তিযোদ্ধা।

সনদ জালিয়াতি রুখতে নতুন করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুক্তিযোদ্ধা সনদ তৈরি করা হবে বলেও মন্ত্রী জানান।

আগামী জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন তিনি। সরকারি হাসপাতাল, সরকারি পরিবহনে বিনামূল্যে সেবা পাওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।

মুক্তিযোদ্ধা কমাণ্ডার পল্টু লাল সাহার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম বেদার ও মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. ইদ্রিছ।

পুরনো খবর:

সচিবদের ভুয়া সনদ: ‘যারা চোর ধরবে তারাই চোর!’
ওয়াহিদুজ্জামানের সনদ স্থগিত, বাতিল বাকি ৪ জনের
সচিবদের ভুয়া সনদ: ব্যবস্থা নিতে দ্বিধায় মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘জালিয়াত’ সচিব