২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার প্রশংসায় বান কি-মুন

বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতির বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

সুমন মাহবুব

নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 09:22 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

শনিবার বান-কি মুনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক শেষে তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের একথা জানান।

সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে সকালে জাতিসংঘের সদর দপ্তরে মহাসচিবের কার্যালয়ে বান-কি মুনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়।

ইকবাল সোবহান সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে বর্তমানে স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব।”

জাতিসংঘের মহাসচিব আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের বর্তমান অগ্রগতি অব্যাহত থাকবে। শিক্ষায় বাংলাদেশের অগ্রগতিরও প্রশংসা করেছেন তিনি।

জাতিসংঘের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন বান কি-মুন।

ইকবাল সোবহান বলেন, “জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সদস্যদের ভূমিকার প্রশংসা করে বান-কি মুন বাংলাদেশ থেকে আরো হেলিকপ্টার পাঠানোর অনুরোধ জানান।”

বান-কি মুনের এই অনুরোধের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, তিনি চেষ্টা করবেন।

জাতিসংঘের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার সদর দপ্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সফল করতে বান কি-মুনকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন উপস্থিত ছিলেন।  

পুরনো খবর:

ওবামা-হাসিনা শুভেচ্ছা বিনিময়