২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ভর্তিতে অসদুপায়, জাপা নেতার ছেলেসহ আটক ৬

ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় জাতীয় পার্টির কেন্দ্রীয় এক নেতার ছেলেসহ ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

আটকরা হলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাসান সিরাজ সুজার ছেলে সিরাজুল আশেকিন সাজুক ও তার বন্ধু শাহীনুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র জুবায়ের আহমেদ জুয়েল, ভর্তিচ্ছু শম্পা নাজনিন, ফিরোজ আজম ও ফরহাদ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা সাংবাদিকদের বলেন, “ভর্তি পরীক্ষায় সাজুক তার নির্ধারিত আসন পরিবর্তন করে অন্য একটি ভবনে শাহীনুরের পাশাপাশি বসে একই সেটের প্রশ্নে পরীক্ষা দিচ্ছিলেন।

“এ সময় সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের ৩৮২ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।”

আটক সাজুক তার অপরাধ স্বীকার করে সাংবাদিকদের বলেন, “আমি ভুল করেছি। বন্ধুকে সহায়তার জন্য এ কাজ করেছিলাম।”

প্রক্টর অফিস সূত্র জানায়,  জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পঞ্চম শিফটে পরীক্ষা চলাকালীন জুয়েল নাম বদলে পরীক্ষার্থী জিল্লুর রহমান সেজে তার ফুফাতো বোন শম্পা নাজনীনকে সহযোগিতা করছিলো।

এসময় তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শম্পাকেও আটক করা হয়।

এছাড়া তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালীন অপর এক ঘটনায় প্রাণীবিদ্যা বিভাগের একটি কক্ষ থেকে পারস্পারিক সহযোগিতার অভিযোগে ফিরোজ ও ফরহাদ নামের দুই ভর্তিচ্ছুকে আটক করা হয়।

আটক সবারই ভর্তি পরীক্ষার উত্তরপত্র বাতিল করা হয়।

প্রক্টর তপন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ফৌজদারি আইনে মামলা দায়ের করেন।

রাত সাড়ে ৮টায় আশুলিয়া থানার উপ পরিদর্শক রুহুল আমিনের কাছে আটকদের সোপর্দ করা হয়েছে।