২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পুলিশের ৪ সোর্স আটক

ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সাভার মডেল থানা পুলিশের চার সোর্সকে আটক করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে ও শনিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ধামরাইয়ের নান্নাসুয়াপুর এলাকার মৃত ইশার আলীর ছেলে আতাবর ওরফে আতা (৩৮), কেরানীগঞ্জের ছাগলকান্দা এলাকার মৃত রহমত আলীর ছেলে জামাল উদ্দিন (৪৫), সাভারের হারাননগর এলাকার শুক্কুর আলীর ছেলে বাবু (২২) ও দক্ষিণপাড়া মহল্লার মৃত লুৎফর রহমানের ছেলে আবু সুফিয়া রানা (২৫)।

ওসি মোস্তফা কামাল বলেন, আটককৃতরা সাভার মডেল থানার পুলিশের সোর্স। এ সুবাদে পুলিশের নাম ভাঙিয়ে মাদক ব্যবসায় ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়েছে তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানান ওসি।