টিকেট বিক্রি: চট্টগ্রাম স্টেশনে উপচে পড়া ভিড়
ঈদ ও পূজার অগ্রিম টিকেট বিক্রির শুরুর দিনে চাহিদা কম থাকলেও দ্বিতীয় দিনের শুরুতেই চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
শনিবার সকাল ৯টা থেকে টিকেট বিক্রি শুরুর কথা থাকলেও টিকেটপ্রত্যাশীরা শুক্রবার মধ্যরাত থেকে লাইনে দাঁড়াতে শুরু করেন।
সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সরেজমিনে স্টেশনে দেখা যায়, লাইনে অপেক্ষমান মানুষরা কিছুক্ষণ পর পর ধীর গতিতে টিকেট বিক্রির কথা বলে অসন্তোষ প্রকাশ করছেন।
ঢাকাগামী তূর্ণার টিকিট কেনা নগরীর মনসুরাবাদের আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম। ভয় ছিল টিকেট পাব কি না। পেয়েছি, এখন ভালো লাগছে।
স্টেশনের কাউন্টারগুলোর মধ্যে ঢাকাগামী ট্রেনগুলোর টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি।
শনিবার চট্টগ্রাম স্টেশন থেকে আগামী ২ অক্টোবরের বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
এগুলো হলো- ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস (৫২৯টি), মহানগর প্রভাতী (৫৯১টি), মহানগর গোধুলী (৫৭৩টি), তূর্ণা (৫২৩টি) ও চট্টলা এক্সপ্রেস (৩০৪টি), সিলেটগামী উদয়ন এক্সপ্রেস (৩৭৫টি), পাহাড়িকা (৪০১টি) এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (৪৩৯টি)।
২৮ সেপ্টেম্বর ৩ অক্টোবরের, ২৯ সেপ্টেম্বর ৪ অক্টোবরের এবং ৩০ সেপ্টেম্বর ৫ অক্টোবরের টিকিট বিক্রি হবে।
৩ থেকে ৫ অক্টোবর প্রতিদিন চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী দুটি করে বিশেষ ট্রেন চলবে। এসব ট্রেনের প্রতিটিতে এক হাজার করে যাত্রী পরিবহন করা সম্ভব হবে।
চাঁদপুরগামী এসব বিশেষ ট্রেনের টিকিট বিক্রি পর্যায়ক্রমে আগামীকাল রোববার থেকে শুরু হবে।
ধীর গতির বিষয়ে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকিট বিক্রি স্বচ্ছ করতেই নির্দিষ্ট ফরমে যাত্রীদের পূরণ করা তথ্য যাচাই করা হচ্ছে । এতে কিছুটা সময় লাগছে।
“টিকিট বিক্রি সুষ্ঠুভাবে হচ্ছে। যতক্ষণ কাউন্টারে টিকেট থাকবে ততক্ষণ বিক্রি করা হবে।”
স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
রেলওয়ে জিআরপি থানার ওসি ইয়াছিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো ধরনের অনিয়ম ও কালোবাজারি যাতে না হয় সেজন্য আমরা সচেষ্ট আছি।”
