স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর ‘আত্মহত্যা’
রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুর থানার এসআই মো. আসিফ ইকবাল জানান, শুক্রবার রাত ১০টার দিকে মনিপুরী এলাকায় ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি তার স্ত্রীকে বেঁধে রেখে তার সামনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মৃত মো. সাইফুল ইসলাম (৩২) ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি করতেন।
স্বজনদের বরাত দিয়ে এসআই আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের এক পর্যায়ে সাইফুল ঘরের দরজা আটকে দেন। তাদের পাশের ঘর থেকে শম্পার বোন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুনতে পান। এক পর্যায়ে শম্পার চিৎকার শুনে দ্রুত তারা দরজা ভেঙে ঘরে ঢুকেন।
তারা সাইফুলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃত এবং শম্পার হাত-পা বাঁধা অবস্থায় দেখেন।
পুলিশ সদস্য আসিফ বলেন, “প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের পর এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
