তুরাগে ‘অপহৃত’ কিশোরী উদ্ধার
রাজধানীর উত্তরার তুরাগ থানা থেকে ‘অপহৃত’ এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে দিয়াবাড়ি খালপাড় এলাকা থেকে উম্মে হাবিবা নামে ষোল বছরের ওই কিশোরীকে উদ্ধার করা হয় বলে তুরাগ থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তাকে গত ৪ সেপ্টেম্বর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় বলে জানিয়ে তিনি বলেন, “প্রথমে হাবিবাকে নিখোঁজ মনে করা হলেও পরে স্বজনরা বুঝতে পারেন তাকে অপহরণ করা হয়েছে।
“থানায় প্রথমে নিখোঁজ হিসেবে সাধারণ ডায়েরি করা হয়। তবে উদ্ধারের পর হাবিবার বাবা হুমায়ূন কবির বাদি হয়ে থানায় মামলা করেন।”
এঘটনায় আবু হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই মিজান।
তিনি বলেন, “এ ব্যাপারে বিস্তারিত জানতে গ্রেপ্তার আবু হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
