টিকেটের জন্য সেই যুদ্ধ, সেই অভিযোগ
বরাবরের মতোই উপচে পড়া ভিড়, টিকেট পেতে বিলম্বের অভিযোগ আর ভোগান্তির মধ্য দিয়ে ঈদ-পূজায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।
মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও পথের ভোগান্তি এড়াতে ঈদে ঘরমুখো মানুষের প্রথম পছন্দ থাকে ট্রেন। এবারও তাই ভোররাত থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকেট প্রত্যাশীদের অপেক্ষা শুরু হয়।
শুক্রবার সকাল ৯টায় যখন টিকিট বিক্রি শুরু হয়, টিকেট প্রত্যাশীদের লাইন ততোক্ষণে বিশাল আকার পেয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে কমলাপুর স্টেশনে অপেক্ষা করা ময়মনসিংহের যাত্রী মোকসেদ রহমান বলেন, “রাস্তার যে অবস্থা, আতঙ্কিত ছিলাম, টিকেট পাওয়ার পর স্বস্তি পেয়েছি।”
তাপানুকূল (এসি) আসন ও বার্থ টিকেট না পাওয়ার অভিযোগও করলেন টিকেট প্রত্যাশী অনেকে।
এ প্রসঙ্গে রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন বলেন, “কেবিন বা এসি প্রথম শ্রেণির টিকিট সীমিত হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে। তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”
টিকিট বিক্রির সময় সকাল ৮টা থেকে করা হবে কি না জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মনসুর আলী সিকদার সাংবাদিকদের বলেন, “সরকারি নিয়মে ৯টা-৫টা টিকিট বিক্রি হয়। যাত্রীরা অভিযোগ করলে সময় পরিবর্তনের চিন্তা করা হবে।”
কমলাপুর স্টেশনে মোট ১৫টি কাউন্টারে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার আগাম টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কতৃপক্ষ।
স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এক লাখ ৮০ হাজার টিকেট বিক্রি হলেও ঈদ-পূজা সামনে রেখে প্রতিদিন সব ট্রেন মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টিকেট বিক্রি করা হবে।
প্রতিবারের মতো এবারও একজনকে চারটির বেশি টিকেট দেয়া হবে না।
৫ থেকে ৭ অক্টোবর ঈদের ছুটি হলেও ৩-৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
শুক্রবার প্রথম দিন কমলাপুর থেকে ঈদের ৫ দিন আগের টিকেট বিক্রি হয়েছে।
রেল মহাপরিচালক তফাজ্জল হোসেন জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ১ থেকে ৫ অক্টোবরের টিকেট বিক্রি হবে।
আর ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকেট।
