ঢাবি ভর্তি: জালিয়াতচক্রের সদস্যসহ আটক ৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জন একটি জালিয়াত চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাবের হাতে আটককৃতদের মধ্যে সরকারি দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাও রয়েছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের মোট ৯৭টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ৫১৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্যে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ১ হাজার ৪১৬ জন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা চলাকালে মোবাইল ফোনসহ বিভিন্ন ‘গ্যাজেট’ ব্যবহার করে অসুদপায় অবলম্বনের দায়ে অন্তত ১৭ জনকে আটক করা হয়।
এরা হলো- অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে বুল্টি বালা, মেহেদি হাসান খান ও মেহেদি হাসান রানা; আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোছা. খায়রে উম্মে সালমা ও শারমিন আক্তার শিমু; উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে মেহেদি হাসান ও কৌশিক ফারহান; লালবাগ মডেল স্কুল থেকে ইমদাদুল ইসলাম; শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ থেকে রিয়াদ আরফিন, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ থেকে আবিদ ইসলাম ও শাহরুখ আলম; মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ফৌজিয়া জামান নবনী; খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ফারিয়া বিনতে গফুর; মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মেহেদি হাসান; সেন্ট্রাল মহিলা কলেজ টিকাটুলি থেকে ওমর ফারুক; সিদ্দেশ্বরী গার্লস কলেজ থেকে রিয়াদ হাসান রিফাত; এবং মোহামম্দপুর সেন্ট্রাল কলেজ থেকে মোহাম্মদ রনি খান।
ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো থেকে আটকদের ক্যাম্পাসের নিয়ে আসার পর আমজাদ সাংবাদিকদের বলেন, “জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে পরীক্ষার আগের রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরীক্ষায় জালিয়াতিতে সহযোগিতাকারী একটি চক্রের ১৩ জন এবং আট পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে র্যাবের আইন ও গণমাধ্যমে শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন।
র্যাবের হাতে ২১জন হলেন, এফ কেএম খালেদুর রহমান, শুক্কর আলী নিরব, শ্রীকান্ত ভদ্র, আবুল বাসার, মীর রেজোয়ান মাসুদ তন্ময়, মোজাম্মেল হক লেলিন, মনিরুল ইসলাম, জামিল খান, জুবায়ের আহমেদ, জসিম উদ্দিন, সুমন মিয়া, কাজি শামীম হাবিব, অরিত্র সিনহা, নুরুজ্জামান, কাদির হোসেন, শামীম সিকদার, সজ্ঞিতা দাস, সুব্রত, সবুজ হাসান, আমিনুল হক ও কাফির উদ্দিন।
এদের মধ্যে মোজাম্মেল হক লেলিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আন্তর্জাতিক সম্পাদক এবং তিনি সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সিনিয়র অফিসার।
র্যাব কর্মকর্তা বলেন, “ওই চক্রের সদস্যরা মোবাইল ফোনে প্রশ্নের উত্তর সরবরাহ করত এবং প্রশ্ন ফাঁসে জড়িত। এই জালিয়াতি করে তারা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। ওই চক্রের কাছ থেকে আটক সাত পরীক্ষার্থীর সহযোগিতা পাওয়ার কথা ছিল।”
তাদের বিষয়ে বিকাল ৪টায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র বলেন, তিনটি অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনই প্রশ্নপত্র ফাঁস ও উত্তরপত্র পরীক্ষা কেন্দ্র পাঠানো সাথে জড়িত। বাকি ৮জন পরীক্ষার্থী বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইলে এসএমএসসহ আটক করা হয়।
আটকৃতদের কাছে ৯৭ হাজার টাকা ও ত্রিশটি মোবাইল সেট পাওয়া গেছে।
র্যাব জানিয়েছে, আটকদের মধ্যে বিভিন্নজন বিভিন্ন পর্যায়ের জালিয়াতির সঙ্গে জড়িত।
শেখ বোবহার উদ্দিন কলেজের সমাজকর্ম তৃতীয় বর্ষের ছাত্র মিতুলে কাজ ছিল প্রশ্নটি পরীক্ষার কেন্দ্রের বাহির করা। নীরব দ্রুত সমাধান করে তা সরবরাহের দায়িত্বে ছিল। নীরব জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল প্রাণীবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শ্রীকাণ্ড ভদ্র নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র।
খালেদ কম্পিউটার সায়েন্সের ছাত্র খালেদের কাজ ছিল পরীক্ষার কেন্দ্রে নিজেদের পরীক্ষার্থীদের সুবিধাজন অবস্থানে আসন ফেলার ব্যবস্থা করা।
এছাড়া জুবায়ের শেখ বোবহান উদ্দিন কলেজের সমাজ কর্মের একজন প্রভাষক।
তন্ময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসের দ্বিতীয় বর্ষের ছাত্র। আবুল বাসার ঢাবির প্রাক্তন ছাত্র। জামিল শেখ বোরহান উদ্দিন কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আর রাহুল বিশ্বাস সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
এর আগে চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক', 'খ' ও 'গ' এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রায় ২৫ শিক্ষার্থীকে আটক করা হয়।
