সার্টিফিকেট ‘জালিয়াতি’র অভিযোগ এরশাদের বিরুদ্ধে
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
দশম সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও তথ্য গোপন করার অভিযোগে তার সংসদ সদস্য পদ বাতিল করে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে নির্বাচিত ঘোষণার দাবি জানিয়েছেন রংপুর-৩ আসনে জাসদের প্রার্থী সাব্বির আহম্মেদ।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে এ আবেদন করেছেন তিনি।
আদালতের শরণাপন্ন হওয়ার আগে ইসির কাছে আবেদনের পরদিন বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী এরশাদকে লিগ্যাল নোটিসও দিয়েছেন ১৪ দলের জোটশরিক জাসদের এই প্রার্থী।
চীন সফররত প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাপা চেয়ারম্যান এরশাদ বৃহস্পতিবার দেশে ফিরেছেন।
সাবেক সেনা প্রধান শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন দাবি করে সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরশাদ এইচএসসি পাস করেননি। কোনো সার্টিফিকেট দেখাতে পারবেন না। এছাড়া আবুধাবির ইউনিয়ন ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে থাকা ৩৭ লাখেরও বেশি ডলারের তথ্যও গোপন করেছেন তিনি।”
নির্বাচন কমিশনের পাশাপাশি এরশাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চ আদালতের শরণাপন্ন হচ্ছেন বলেও জানান সাব্বির।
৫ জানুয়ারি ভোটের আগে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ না জানানোর ব্যাখ্যা তুলে ধরেন সাব্বির।
তিনি বলেন, “অভিযোগ করার আগে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করতে সময় লেগেছে। পাশাপাশি নির্বাচনে যাওয়া না যাওয়ার নাটকে আমরাও বিভ্রান্ত হয়েছি। কোন আসনে উনি [এরশাদ] নির্বাচন করবেন তা নিশ্চিত হতেই বাছাইয়ের সময় পার হয়ে গিয়েছিল।”
শিক্ষাগত যোগ্যতায় ‘জালিয়াতি’
হলফনামায় এরশাদ শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএ (পাস) উল্লেখ করেন।
ইসির কাছে দেওয়া অভিযোগে সাব্বির জানান, এরশাদ ১২ ডিসেম্বর ১৯৯০ সালে তার সব সার্টিফিকেট হারিয়ে গেছে জানিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করে নবম ও দশম সংসদে হলফনামা জমা দেন।
ক্যান্টনমেন্ট থানায় সার্টিফিকেট হারানোর ডায়েরি কপিও [২০০৮ সালের ১৯ নভেম্বর, ডায়েরি নম্বর ৮৪২] জমা দেন তিনি।
ফাইল ছবি
১৯৫২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তান আর্মিতে যোগ দেওয়ার তথ্য তুলে ধরে ইসির কাছে দেওয়া আবেদনে বলা হয়, ভারতের কুচবিহার [দিনহাটা] থেকে এসএসসি, রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করে আর্মিতে যোগ দেন প্রচার থাকলেও কারমাইকেল কলেজ থেকে এরশাদ কোনো পরীক্ষাই দেননি বা পাস করেননি।
সাব্বির বলেন, “কারমাইকেল কলেজের ছাত্র ছিলেন এরশাদ। কিন্তু উনি অসামাজিক কার্য্যকলাপের কারণে বহিষ্কৃত হন। তখন দেশে একমাত্র বোর্ড ছিল ঢাকা। এ বোর্ড থেকে কোনো সার্টিফিকেট দেখাতে পারবেন না তিনি।”
ইসিতেও লুকোচুরি
প্রধান নির্বাচন কমিশনার কাজী রবিকউদ্দীন আহমদ খুলনা সফরে থাকায় হলফনামায় এরশাদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ জমা দেওয়ার বিষয়টি নিয়ে এখনো কমিশনে পর্যালোচনা হয়নি।
সিইসির একান্ত সচিব মাজহারুল ইসলাম বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।”
তবে আরেকজন কর্মকর্তা জানান, আবেদনটি একান্ত সচিবের মাধ্যমে দপ্তরের ফাইলে দেওয়া হয়েছে। রোববার তা সিইসি দেখবেন।
ইসি কর্মকর্তারা জানান, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এ পর্যন্ত কোনো ব্যবস্থাই নিতে পারেনি ইসি। এর আগে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে উদ্যোগ হলেও তা থমকে আছে।
