চট্টগ্রামে তরুণীর ‘আত্মহত্যা’
চট্টগ্রামের চকবাজার থানায় নিজ বাসায় এক তরুণী ‘আত্মহত্যা’ করেছে বলে পুলিশকে জানিয়েছে পরিবারের সদস্যরা।
নিহত নুপুর চকবাজারের মেহেদীবাগ এলাকার এম এম আলী সড়কের শাহ আমানত ভবনের এমদাদুল হকের সন্তান। তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন নিজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দেন নুপুর।
“পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
চকবাজার থানার এসআই আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি শুনেছি। আমরা হাসপাতালে যাব। পুরো খোঁজ নেয়ার পর আপনাকে বলতে পারব কীভাবে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।”
