পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় সিএমপির পদক্ষেপ
চট্টগ্রাম মহানগরের ২২৩টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া পূজার সময় নগরীতে পুলিশের ১৫টি ভ্রাম্যমাণ ও ৩০টি পিকেট দলের পাশাপাশি চারটি স্ট্রাইকিং ফোর্সও মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদর দপ্তরে মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন মহানগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
নির্বিঘেœ পূজা উদযাপনের আশ্বাস দিয়ে পুলিশ কমিশনার বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা পুলিশের পাশাপাশি, এবিপিএন, সোয়াত ও র্যাবের দলও নগরীতে টহলে থাকবে।”
এছাড়া গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটও মাঠে থাকবে বলে জানান তিনি।
দশমীতে বিকাল পাঁচটার মধ্যে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করতে পূজা কমিটির নেতাদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ কমিশনার।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, বিভিন্ন জোনের উপ-কমিশনার, অতিরিক্ত, সহকারী কমিশনার এবং বিভিন্ন থানার ওসিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
